প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 3, 2025 ইং
কর্ণফুলীতে নিপাহ ভাইরাস বিষয়ে আইইডিসিআর-এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা:
কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর উদ্যোগে নিপাহ ভাইরাসের বিস্তার ও ঝুঁকি বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ৩টায় স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রাণঘাতী নিপাহ ভাইরাস থেকে নিরাপদ থাকতে খেজুরের কাঁচা রস ও পশু-পাখি খাওয়া অর্ধেক খাওয়া ফল না খাওয়ার আহ্বান জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাম্মৎ জেবুন্নেসার সভাপতিত্বে এবং মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আলী আকবরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আবির শাকরান মাহমুদ ও কাজল চন্দ্র বণিক।
সভায় কর্ণফুলী উপজেলার স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মী, বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ল্যাবের প্রতিনিধি এবং স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ডাঃ আবির শাকরান মাহমুদ জানান, নিপাহ ভাইরাস টেরোপাস গোত্রীয় ফল-খেকো বাদুড়ের মাধ্যমে মানুষের মধ্যে ছড়ায় এবং এটি অত্যন্ত প্রাণঘাতী। তিনি আরও বলেন, “নিপাহ ভাইরাস প্রতিরোধে খেজুরের কাঁচা রস পান না করা এবং পশু-পাখি খাওয়া ফল পরিহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সভায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এবং স্থানীয় স্বাস্থ্যকর্মীদের নিয়মিত প্রচারণা চালানোর তাগিদ দেওয়া হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট